শিনোনাম

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় শামিমা আকতার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উবায়দুল্লাহ নগর বার্মাটিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ওই এলাকার মো. আবুল কাশেমের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শামিমার ঝুলন্ত লাশ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। এসময় তারা লাশ নিচে নামিয়ে ফেলেন। ঘটনার খবর পেয়ে বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, গৃহবধূ শামিমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।