টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে
‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা
ক্যাম্পের হোসাইন শরীফের ছেলে আবুল হাশিম (৩০) ও একই ক্যাম্পের শামসুল
আলমের ছেলে মোহাম্মদ আইয়ুব (২৪)। তারা দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে
দাবি র্যাবের।
এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম।
তিনি জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন
ড্রাইভ শামলাপুর এলাকায় একটি ইয়াবা চালান পাচার হচ্ছে এ গোপন সংবাদ পেয়ে
র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্রধারী ইয়াবা
ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি
চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি
বিনিময়ের পর ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত
হয়। পরে মাদক কারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, ২টি
দেশীয় অস্ত্র, ৫ রাউন্ড কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় আবুল হাসিম ও মো.
আইয়ুবকে উদ্ধার করা হয়। পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, লাশ
ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান
অব্যাহত থাকবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।