শিনোনাম

বিএনপি ভাটাতেই থাকবে, জোয়ারের দেখা পাবে না: কাদের

বিএনপি ভাটাতেই থাকবে, জোয়ারের দেখা পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণজোয়ার দাবি দিবাস্বপ্ন। তাদের আন্দোলনে ভাটা, নির্বাচনেও ভাটা। জোয়ার তারা দেখেনি। জোয়ার ইনশাআল্লাহ দেখতে পাবে না। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, বিএনপি আর রাজনীতিতে জোয়ারের দেখা পাবে না। তারা ভাটাতেই থাকবে।
তিনি বলেন, দুঃসময়ের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। ত্যাগী কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঁচবে না, গণতন্ত্র বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের অর্জন হবে না, উন্নয়ন বাঁচবে না। তাই যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।
তিনি আরো বলেন, ক্ষমতার অহংকার পতনের কারণ যেন না হয়। ক্ষমতা যেন আমাদের নেতাকর্মীদের বিনয়ী করে। বিনয়ী যত হবেন তত আপনি বড় হবেন। বিনয়ী হলে জনগণ আরো ভালোবাসবে।
এসময় তিনি সুবিধাবাদিদের বয়কট করে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, মো. নজিবুল ইসলাম, আবু তালেব, জহিরুল ইসলাম, উজ্জ্বল কর, আরিফুল মাওলা, হামিদা তাহের, মোরশেদ হোসেন তানিম প্রমুখ।