মঠবাড়িয়ায় গুলিবিদ্ধ ডাকাত আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার সকালে ছগির
মোল্লা (৩৫) নামে গুলিবিদ্ধ এক ডাকাতকে গুরুতর আহত অবস্থায় আটক করেছে থানা
পুলিশ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার অবস্থার অবনতি
ঘটলে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়।
ডাকাত ছগির পার্শ্ববর্তী বামনা উপজেলার ধুষখালী গ্রামের নাদের মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
মঙ্গলবার গভীর রাতে ডাকাত ছগির তার সহযোগীদের সঙ্গে মঠবাড়িয়ায় আসে। এ সময়
ছগিরের সঙ্গে সহযোগীদের বাকবিতণ্ডা হলে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে ছগির
আহত অবস্থায় ভেচকী গ্রামের হাওলাদার বাড়ির খড়ের গাদায় আশ্রয় নেয়।
ভোর রাতে আহত ডাকাতের ডাকচিৎকারে ওই বাড়ির
আলম হাওলাদার নামে একজন বৃদ্ধ গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত ছগিরকে দেখতে পেয়ে
থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে
ভর্তি করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর
মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে গুলিবিদ্ধ আহত ডাকাতকে উদ্ধার করে
হাসপাতালে ভর্তি করে পার্শ্ববর্তী বামনা থানায় বেতার বার্তা দেই।
বামনা থানার অফিসার ইনচার্জ এস,এম
মাসুদুজ্জামান জানান, ছগির মোল্লা আন্তজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য।
তার নামে ইতোপূর্বে থানায় ডাকাতি মামলা রয়েছে।
