শিনোনাম

টেকনাফে বিজিবির সঙ্গে ‌‘গোলাগুলিতে’ যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‌‘গোলাগুলিতে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ইমাম হোসেন (২৫) হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকার আব্দুস সালামের ছেলে। মঙ্গলবার ভোর রাতে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ জাদিমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ব্যাটালিয়ানের (বিজিবি) অধিনায়ক কর্ণেল ফয়সল হাসান খান বলেন, মঙ্গলবার ভোর রাতে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ জাদিমোড়া এলাকায় নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান করে বিজিবি। টহলদল দূর হতে এক ব্যক্তিকে নদীর পাড়ে কেওড়া বাগানে ঘোরাঘুরি করতে দেখে এবং কিছুক্ষণ পর কয়েকজন লোককে মিয়ানমারের লালদ্বীপ থেকে নৌকা নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। নৌকাটি নদীর পাড়ে আসার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি নৌকার দিকে এগিয়ে যায় এবং টহলদল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্রই সশস্ত্র ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এ সময় দুই বিজিবি সদস্য আহত হন।
এ সময় বিজিবির টহলদলটি সরকারি সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি বর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে প্রায় ৭-৮ মিনিট গুলি বিনিময় হয়। এরপর নৌকায় আরোহী ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে কেওড়া বাগানের ভিতরের খাল দিয়ে নৌকা সহকারে দ্রুত পালিয়ে যায়। গোলাগুলির শব্দ থামার পর টহলদলের সদস্যরা উক্ত এলাকা তল্লাশি করে নাফ নদীর পাড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখে। গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী চিকিৎসা সেবা প্রদান করার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড তাঁজা কার্তুজ এবং একটি ধারালো কিরিচ জব্দ করা হয়।