শিনোনাম

গানে গানে ঢাবিতে সঞ্জীব উৎসব

'আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প' সঞ্জীব চৌধুরীর গাওয়া গানটি টিএসসির আড্ডায় আজও বেজে ওঠে। প্রয়াত এ শিল্পীর ৫৬ তম জন্মবার্ষিকী স্মরনীয় করে রাখতে বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে 'সঞ্জীব উৎসব'।
৮ম বারের মতো আয়োজিত সঞ্জীব  উৎসবে গান করেন এলিটা করিম, গানকবি, শহরতলী, অর্জন, ইনট্রয়েট, রিয়াদ হাসান, শেখ সালেকিন, রেহান রসুল, অনুরণ, সুহৃদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটিসহ অনেকে।
উৎসবে সঞ্জীব চৌধুরী গাওয়া গান আমি তোমাকেই বলে দেব, সাদা ময়লা, সমুদ্র সন্তান, জোছনা বিহার, তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও গেয়ে তাঁকে স্মরণ করেন শিল্পীরা।
উৎসবে আসা সঙ্গীত শিল্পী এলিটা করিম সঞ্জীব চৌধুরীর স্মৃতিচারণ করে মানবকণ্ঠকে বলেন, সঞ্জীব দা আমার দেখা অসাধারণ একজন মানুষ। তাঁর অমায়িক ব্যবহার আমাকে মুগ্ধ করতো। তাঁর গানগুলো আমাদের কাছে প্রেরণা।
সঞ্জীব উৎসবে আসা সঙ্গীতশিল্পী রেহান রসুল বলেন, সঞ্জীবদা আমার কাছে আদর্শ একজন শিল্পী। সঠিক বাংলা উচ্চারণে গান গাইতেন যা আমার কাছে বিস্ময়কর৷ তরুণ প্রজন্মের তাঁর গান,গানের কথা থেকে অনেক কিছুই শেখার আছে।
সঞ্জীব উৎসবের অন্যতম আয়োজক সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, উৎসবের মূল উদ্দেশ্য যারা দাদাকে কাছে পায়নি, তাদের কাছে দাদার গান ও গানের দর্শন পৌঁছে দেয়া। আর তাদের গানের মাঝে দাদার আদর্শকে বাঁচিয়ে রাখা।
উৎসবের অন্যতম আয়োজক ডিইউবিএস'র সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, আমরা প্রতি বছরই সঞ্জীব উৎসব আয়োজন করি। যার উদ্দেশ্য তার এবং তার গানের কথা সবাইকে মনে করিয়ে দেয়া এবং সবাইকে অনুপ্রাণিত করা।
এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি এবং আজব কারখানা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সঞ্জীব ৷ সাম্যবাদী সমাজের স্বপ্ন দেখা সঞ্জীব চৌধুরী সাংবাদিকতা করেছেন 'ভোরেরকাগজ', 'আজকের কাগজ' ,'যায় যায় দিন' পত্রিকায়। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত জনপ্রিয় ব্যান্ড দলছুটের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকাল কান্দি গ্রামে জন্ম নেন এ শিল্পী। গুণী এ শিল্পীর  জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর সঞ্জীব উৎসবের আয়োজন করে সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ ।