শিনোনাম

আবারও পেঁয়াজের দাম বৃদ্ধি

বাজারে নতুন পেঁয়াজ আসায় গত সপ্তাহে পেঁয়াজের দাম কমেছিল প্রায় ৫০ শতাংশ। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারও পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
রাজধানীর বিভিন্ন বাজারে আজ আমদানি করা ছোট পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০-১২০ টাকা। আমদানি করা পেঁয়াজের পাশাপাশি বাজারে আসা নতুন দেশি পেঁয়াজের দামও বেড়েছে। দেশি নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা।
পেঁয়াজের দামের বিষয়ে রামপুরার ব্যবসায়ী আলম বলেন, গত সপ্তাহে নতুন পেঁয়াজের কেজি ৭০ টাকা বিক্রি করেছি। আজ তা ১০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।
কারওয়ানবাজারের ব্যবসায়ী নোয়াব আলী বলেন, বাজারে নতুন পেঁয়াজ কম আসছে, এ কারণে দাম কিছুটা বেড়েছে। তবে সামনে প্রাকৃতিক দুর্যোগ না হলে পেঁয়াজের দাম শিগগিরই কমে যাবে।