পানি বিক্রেতা থেকে কোটিপতি
ক্রিকেট পাড়ায় হৈচৈ ফেলে দিয়েছেন যশস্বী
জসওয়াল। এইতো কিছুদিন আগে মুম্বাইয়ের রাস্তায় পানিপুরি বিক্রি করলেও এখন
কোটিপতি তিনি। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থানের হয়ে খেলবেন
যশস্বী। বৃহস্পতিবার কলকাতায় বসা আইপিএল নিলামে ১৭ বছর বয়সী এই তরুণ
তুর্কির দাম ওঠে ২ কোটি ৪০ লাখ টাকা। বেস প্রাইস ২০ লাখ টাকার বারো গুণ দাম
দিয়ে তাকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।
বর্তমানে যশস্বী ভারতের অনূর্ধ্ব-১৯ দলে
হয়ে খেলছেন। বাঁহাতি ওপেনার ঘরোয়া ক্রিকেটে টানা ধারাবাহিকতা দেখিয়েছেন।
সেই কারণেই তাকে নিয়ে আগ্রহ ছিল নিলামে। রাজস্থান রয়্যালস তাকে দলে নেয়ার
পর যশস্বীর পরিবারে উৎসবের আমেজ দেখা গিয়েছে। চলেছে মিষ্টি বিতরণের পালা।
তার বাবা ভ‚পেন্দ্র জসওয়াল জানিয়েছেন, ‘টাকার অঙ্কের কারণেই আমরা খুশি, এমন
নয়। ও যে কঠোর পরিশ্রম করেছে, তার দাম পেল। ও আমাদের গর্বিত করেছে।
প্রার্থনা করছি যাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ও ভালো খেলে। আর যেন ট্রফি নিয়ে
ফেরে।’
লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান
হিসেবে ডাবল সেঞ্চুরি আছে যশস্বীর। যা এসেছিল ১৭ বছর ২৯২ দিন বয়সে।
অক্টোবরে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ঝাড়খন্ডের বিরুদ্ধে ২০৩ রান
করেছিলেন তিনি। কয়েকদিন পরেই ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে দেখা
যাবে তাকে।
এদিকে ছেলের যশ-খ্যাতি দেখে যশস্বীর মা
বলেছেন, রাজস্থান রয়্যালস ওকে নেয়ায় আমি খুব খুশি। আশা করব শিগগিরই ও দেশের
মূল দলে চলে আসবে।’
