শিনোনাম

৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বগুড়া ডিবি পুলিশ

বগুড়া ডিবি পুলিশের অভিযানে ঢাকার মিরপুরের এক ব্যবসায়ীর বাসা থেকে ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইয়াবা উদ্ধারের তথ্য জানায় বগুড়ার ডিবি পুলিশ। এর আগে ১৬ আগষ্ট রাতে সাড়ে তিন হাজার পিচ একই ধরনের ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে বগুড়ার ডিবি পুলিশ ঢাকায় অভিযান চালায়।
এর আগে গত শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি দল বগুড়ার চারমাথা এলাকা থেকে ওমর ফারুক, বিল্লাল উদ্দিন সায়েম, ফারুক হোসেন ও তার স্ত্রী নিপা বেগমকে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ফারুক হোসেনকে দুই দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে ফারুকের দেয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশের একটি দল তাকে নিয়ে ঢাকায় যায়। শনিবার রাতে ঢাকার মিরপুর মধ্য পাইকপাড়ায় ফারুকের ভাড়া বাসায় তল্লাশী চালায় ডিবি পুলিশ। বাসার একটি কক্ষে স্কুল ব্যাগে রাখা আটটি প্যাকেটে কমলা রং এর ইয়াবা সদৃশ্য ৩০ হাজার পিচ ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফারুক ঢাকায় তার ভাড়া বাসায় এসব ট্যাবলেট মজুদ করে তার স্ত্রী ও দুই সহযোগিদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এর আগেও ফারুক তিনবার ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল বলে প্রাথমিক অনুসন্ধানে ডিবি পুলিশ জানতে পেরেছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আদালতে উপস্থাপন করে ধ্বংসের আবেদন করা হবে। এছাড়া নমুনা হিসেবে কিছু ট্যাবলেট আদালতের অনুমতি ক্রমে রাসায়নিক পরিক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় পাঠানো হবে।