শিনোনাম

সাধারণের ভাষা বোঝে এমন রাজনৈতিক শক্তি খুঁজছে মানুষ : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা বিরাজ করছে। জনসাধারণের দাবি ও ভাষা বোঝে এমন একটি রাজনৈতিক শক্তি খুঁজছে সাধারণ মানুষ। ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে।
সোমবার (১৯ আগস্ট) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'জাতীয় পার্টি কার্যকর বিরোধী দল হিসেবে রাজনীতির মাঠে আছে। আমরা সরকারের চোখে আঙুল দিয়ে তাদের ভুলক্রুটি ধরিয়ে দেবো। আমরা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতি করবো।
তিনি আরো বলেন, আগামী দিনে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারলেই জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
জি এম কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে সরকারকে বাধ্য করা যায় না। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন আওয়ামী লীগ তাদের দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে পারেনি। আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিও সরকারকে বাধ্য করতে পারেনি। যারা কথায় কথায় সরকারকে পদত্যাগে বাধ্য করতে চায়, সেটা বাংলাদেশের রাজনীতিতে একেবারেই অসম্ভব। তাই প্রতিটি দলেরই উচিত নির্বাচিত প্রতিটি সরকারকেই রাষ্ট্র পরিচালনার জন্য পাঁচ বছর সময় দেওয়া এবং পরবর্তী নির্বাচনের জন্য নিজ দলকে সংগঠিত করা।
জাতীয় পার্টি সবসময় নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে বিরোধী দলের ভূমিকা রাখছে। তৃণমূলে দলকে আরো শক্তিশালী করতে সবার প্রতি আহ্বানও জানান পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুস সাত্তার পোদ্দার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. হেলাল উদ্দিন, হারুন অর রশীদ, শাহজাহান মানসুর, বেলাল হোসেন, মঞ্জুরুল হক ও এম. এ. রাজ্জাক খান প্রমুখ।