ফেসবুকভিত্তিক উদ্যোক্তাদের জন্য ‘স্মার্ট লজিস্টিক’ সুবিধা
ফেসবুকভিত্তিক উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের
জন্য ‘স্মার্ট লজিস্টিক’ সুবিধা আনার ঘোষণা দিয়েছে পেপারফ্লাই। এটি
একটি ই-কমার্স ব্যবসায় পণ্য বিলিকরণ প্রতিষ্ঠান।
‘স্মার্ট লজিস্টিক’ সুবিধার আওতায় ঢাকার
ভেতরে ৪০ টাকায় উদ্যোক্তাদের জন্য ৫ কার্যদিবসে আর্থিক লেনদেন, এক দিনে
পণ্য বিলি, এক সপ্তাহের মধ্যে পণ্য ফেরত, বিনা মূল্যে স্মার্ট রিটার্ন, চেক
সেবা এবং ওয়্যারহাউস ব্যবহারের সুযোগ পাবেন ব্যবসায়ীরা।
সোমবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে নতুন সেবার ঘোষণা দেওয়া হয়।
পেপারফ্লাই কর্মকর্তারা জানান, ফেসবুক কমার্স উদ্যোক্তাদের পণ্য সরবরাহ এবং পরিবেশনে স্মার্ট লজিস্টিক’ কাজে লাগবে।
তারা জানান, দেশজুড়ে এফ কমার্স
উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে। তাদের পণ্য ক্রেতাদের হাতে পৌঁছে দিতে কম খরচে
‘স্মার্ট লজিস্টিক’ সেবা চালু করা হচ্ছে। প্রায় এক লাখ উদ্যোক্তাদের লক্ষ্য
করে নতুন সেবা চালু করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে যেকোনো ঠিকানায়
ই-কমার্সের পণ্য পৌঁছে দিতে দেশের ৮০টি এলাকায় অফিস চালু করেছে পেপারফ্লাই।
প্রসঙ্গত, বর্তমানে দেশে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রতিদিন ৫৫ হাজার পণ্য বেচাকেনা করছে।
