শিনোনাম

অবৈধ সিলিকা বালু উত্তোলনে ছয় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়াখাল থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও মজুদ করায় দুজন বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ছয় লাখ পঞ্চাশ হাজার ৪০০ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।

একইসঙ্গে পরবর্তী সাত দিনের মধ্যে এ ক্ষতিপূরণের জরিমানার টাকা পরিশোধের জন্য লিখিত নির্দেশনা দিয়েছেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা।
জানা যায়, ১২ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালকের দপ্তরে অনুষ্ঠিত শুনানী শেষে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার বিভিন্ন পাহাড়ি ছড়া-কোয়ারী হতে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধন করায় এ জরিমানা করা হয়েছে।
এতে রিপাত এন্টারপ্রাইজ, সাতগাঁও, চৌমুহনা, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের প্রোপ্রাইটর মো. কদর মিয়ার বিরুদ্ধে ৩ লাখ ৯৮ হাজার ৪০০ টাকা ও রূপালী এন্টারপ্রাইজ, সাতগাঁও স্টেশন চৌমুহনী, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের প্রোপ্রাইটর জলিল মাহমুদের বিরুদ্ধে ২ লাখ ৫২ হাজার টাকা আরোপ করা হয়।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, গত দুদিন আগে জেলা পবিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম কর্তৃক শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও মজুদদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।