শিনোনাম

ফিরে দেখা ২০১৯ : যে সব ঘটনায় বছর জুড়ে আলোচিত নারায়ণগঞ্জ

গ্রেগরিয়ান বর্ষপঞ্জি থেকে বিদায় নেবার দ্বারপ্রান্তে আছে আরও একটি বছর। ঘটনাবহুল এই বছরটি  যেমন ছিলো অর্জনের তেমনি ছিলো নানা ঘটনা-ইস্যুতে সমালোচনার। বছরের একেবারে শেষপ্রান্তে এসে বছরের আলোচিত সব ঘটনার সংকলন নিয়ে যুগের চিন্তা ২৪ এর বর্ষ পরিক্রমা:

এসপি হারুনের উত্থান-পতন :
বছরজুড়েই আলোচনার শীর্ষে ছিলো আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার  মোঃ হারুন অর রশীদ। নারায়ণগঞ্জে যোগদানের পর পরই সুষ্ঠু নির্বাচন মধ্যে দিয়ে  একাধিক হত্যা ঘটনার রহস্যউন্মোচন, হকারমুক্ত ফুটপাত, মাদক বিরোধী একাধিক অভিযান, এতিমদের সম্পত্তি ও মিল-কারখানা ফিরিয়ে দেওয়াসহ  বিভিন্ন কাজের জন্য প্রশংসিত হতে থাকেন তিনি।

তার আলোচিত অভিযানের মধ্যে রয়েছে  ১ এপ্রিল ফতুল্লার মেরি অ্যান্ডারশনে ভাসমান জাহাজে পুলিশের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৬৮ জনকে গ্রেপ্তার। ১ আগস্ট  জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নবীগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধান ও তার ৪ সহযোগীকে আটক।

১২ ফেব্রুয়ারি বিআইডব্লিউটিএ এলাকায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ৪১ জুয়াড়িকে গ্রেপ্তার, ১৮ এপ্রিল পাইকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবুকে। ৫ সেপ্টেম্বর চাঁদার দাবিতে বাড়িতে হামলা ও মারধরের অভিযোগে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের বাড়িতে অভিযান চালায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এছাড়া বিভিন্ন সময় নানান অভিযান ও জনমুখী কর্মকান্ডে নারায়ণগঞ্জবাসীর প্রশংসারপাত্র হয়ে উঠেন এসপি হারুন। নারায়ণগঞ্জবাসী তাকে‘বাংলা সিংহাম’ উপাধি দেন ।

একদিকে নারায়ণগঞ্জবাসীর কাছে  বাংলার সিংহাম হয়ে উঠলেও ১ অক্টোবর রূপগঞ্জে কয়েল ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ টাকা ও ২ হাজার ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে আটক, ২ অক্টোবর সিদ্ধিরগঞ্জের একটি প্রসাধনী ও ইলেক্ট্রনিক সরঞ্জাম তৈরীর কারখানায় জেলা  গোয়েন্দা পুলিশ (ডিবি)অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার নকল প্রসাধনী ও  ইলেক্ট্রনিক সরঞ্জাম উদ্ধার  এবং ২৩ জুন  সোনারগাঁয়ে উপজেলাভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচে রেফারীকে মারধরের ঘটনায় সমালোচনায় আসে এসপি হারুন।

সর্বশেষ ১ নভেম্বর বিসিবির পরিচালক ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেমের ছোট ছেলে  শওকত আজিজ রাসেলের পুত্র ও স্ত্রীকে আটকের একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশের পর আবারো সমালোচনায় আসেন তিনি। ভিডিওটিতে দেখা যায় ‘ রাসেলের পুত্র ও স্ত্রীকে একটি বাড়ি থেকে তুলে আনা হচ্ছে।’ পরবর্তীতে ৩ নভেম্বর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে ঢাকা পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার (টিআর) পদে হারুন অর রশীদকে বদলী আদেশ দেন।

ফতুল্লায় জঙ্গী আস্তানার সন্ধান :
২৩ সেপ্টেম্বর ভোররাতে নারায়ণগঞ্জের ফতুল্লা শিয়ারচর তক্কারমাঠ এলাকায় বাংলাদেশ ব্যাংকের অবসরে যাওয়া ডিজিএম জয়নালউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি তিনজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে ১২ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে একটি বাড়ি থেকে  খেলনা পিস্তল,বিস্ফোরক দ্রব্য ও তৈরীর উপাদান উদ্ধার  করা হয়। যা নারায়ণগঞ্জ ছাপিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে।  এ ঘটনায় পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর  জয়নালউদ্দিনের ২ ছেলেসহ  ১৩ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়।

হকার ইস্যু নিয়ে সংঘর্ষের ২২ মাস পর মামলা :
হকার উচ্ছেদকে কেন্দ্র করে  ২০১৮ সালের সংঘর্ষের ২২ মাস  ১৮ দিন পর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টার অভিযোগ এনে ৪ ডিসেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রথম সারির ৯ নেতার বিরুদ্ধে আদালতে মামলা করে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। মামলায় ঘটনার ইন্ধনদাতা হিসেবে আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের নামসহ অজ্ঞাত আরও ৯০০ থেকে ১০০০ জনকে আসামি করা হয়। এদিকে এ মামলা দায়েরের পর পরই নারায়ণগঞ্জ ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সামলোচনার ঝড় উঠে।

মন্ত্রী পেল নারায়ণগঞ্জবাসী :
চলতি বছরে স্বাধীনতার পর আওয়ামীলীগ সরকারের আমলে এই প্রথম মন্ত্রীপরিষদের স্থান পেয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। আওয়ামীলীগ সরকারেরর আমলে জেলায় প্রথমবারের মতো মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত পুরো নারায়ণগঞ্জবাসী।

বাবুরাইলে ৪তলা ভবন ধসে দুই স্কুল ছাত্রের মৃত্যু :
চলতি বছরের ৩ নভেম্বর রোববার বিকেলে নারায়ণগঞ্জে ১নং বাবুরাইল মুন্সিবাড়ি এলাকায় ভবন ধসে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরো ৭ জন ।  পরবর্তীতে এ ঘটনায় বাড়ির মালিকসহ  ৫ জনকে আসামী করে নিহত স্কুলছাত্র শোয়েবের মামা রনি বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনার তদন্তে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার কলিকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক অবস্থায় বিষয়টি আলোচনা আসলেও ঘটনার পরবর্তী তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয় নি।

টাকার বান্ডেলের ওপর  ডিবির এসাআইয়ের ঘুমন্ত ছবি ভাইরাল :
নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তার টাকার বান্ডেলের উপর  ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে উঠেছে। ৬ নভেম্বর বুধবার সকাল থেকে ওই ছবিটি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। পরবর্তীতে তাকে ক্লোজড করা হয়।

ফেসবুকের ওই পোস্টে দেখা যায়, একজন লোক একটি গাড়ীর সিটের ওপর টাকার বান্ডেলের ওপর ঘুমিয়ে আছে। পাশে ছিল তার ব্যবহৃত সরকারি ওয়ালেস। ছবিটির নিচে একটি লেখা রয়েছে “ অভিযান পরিচালনা করে ক্লান্ত নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ আরিফ মাইক্রোবাসের ভেতর টাকার উপর এভাবেই ঘুমিয়ে পড়েন।”

ছবিটি নিজের বলে স্বীকার করে ডিবির এসআই মো. আরিফ জানান, এ ছবিটা ৪ থেকে ৫ মাস আগের। আমার মা অসুস্থ ছিল। আমি আমার এক বন্ধুর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। মায়ের অসুস্থতার টেনশনে ইচ্ছা না থাকা শর্তেও গাড়ীতেই ঘুমিয়ে পড়েছিলাম।

হয়তো ওইসময় কেউ ছবিটা তোলে ফেলে। তাছাড়া গাড়িটাও প্রায় ৩ মাস আগে এ গাড়িটা ব্যবহার করা হয়। এ ছবি কোন এলাকায় সেটাও এখন আর মনে নেই। আমার মনে হয় কেউ তার স্বার্থ হাসিলের জন্যই এ কাজটি করেছে।

৪০ দিনে যৌন নির্যাতন ও হয়রানির ঘটনায় ২৩ শিশুসহ ৫০ নারী :
এ বছরে জুন থেকে আগষ্ট মাসের মাত্র ৪০ দিনে  যৌন হওয়রানি ও নির্যাতনের ঘটনায় উঠে আসে ২৩ শিশুসহ ৫০ নারী। এর মধ্যে উল্লেখযোগ্য হল ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আল আমিনকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় নির্যাতনের শিকার এক ছাত্রীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ও র‌্যাব বাদি হয়ে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এর আগে ২৭ জুলাই সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড হাইস্কুলে ২০ জনেরও অধিক ছাত্রীকে ৪ বছর ধরে যৌন হয়রানীসহ ধর্ষণের অভিযোগে দুই শিক্ষককে গ্রেফতার করে র‌্যাব।

আলোচিত ত্রিপল মার্ডার :
১৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের জোনাকী পেট্রোল পাম্প থেকে মিজমিজি সিআইখোলাস্থ আনোয়ার মালিকানাধীন ৬তলা ভবনের মা নাসরিন বেগমসহ ২ শিশু সন্তানের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরেএ ঘটনায় নিহত নাসরিন বেগমের স্বামী মোহাম্মদ সুমন বাদি হয়ে নাসরিনের বোনের স্বামী আব্বাস ব্যাপারীকে আসামী করে  সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, আব্দুর সোবহান সুমন মিয়ার স্ত্রীর বড় বোন ইয়াসমিনের সাথে স্বামী আব্বাসের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বিভিন্ন সময় এই কলহের কারণে তার স্ত্রী নাসরিন বড় বোন ইয়াসমিনের পক্ষ নিয়ে কথা বলায় আব্বাসের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। ১৭ সেপ্টেম্বর রাতে আব্বাস ও তার স্ত্রী ইয়াসমিনের ঝগড়া হয়ে।

পরে সুমনের শ্যালক নাসরিনের ভাই হাসান বড় বোনের স্বামী আব্বাসকে মারধর করে। পরদিন সকালে হাসান তার বড় বোন ইয়াসমিন ও তার মেয়ে সুমাইয়া সহ সুমনের বাসায় বোন নাসরিনের কাছে চলে আসে। পরে ১৯ সেপ্টেম্বর সুমন কর্মস্থল সিদ্ধিরগঞ্জস্থ জোনাকী পেট্রোল পাম্প থেকে মিজমিজি সিআইখোলাস্থ আনোয়ার মালিকানাধীন ৬তলা ভবনের ভাড়া বাসায় এসে স্ত্রী ও সন্তানদের গলাকাটা রক্তাক্ত লাশ এবং তার স্ত্রীর বড় বোনের প্রতিবন্ধী মেয়ে সুমাইয়াকে রক্তাক্ত আহত অবস্থায় খাটের উপর আহতবস্থায় দেখতে পায়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ওই দিন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজের পাশে একটি কমিউনিটি সেন্টারের খাবার টেবিলের নীচে লুকিয়ে থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জে ‘ছেলেধরা’ আতঙ্ক :
এ বছরের জুলাইয়ে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে, এমন গুজবের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে তৈরি হয় ছেলেধরা আতঙ্ক। নারায়ণগঞ্জে গণপিটুনিতে নিহত হয় একজন। আহত হয় প্রায় ১০ জনেরও বেশি। এর মধ্যে  ২০ জুলাই শনিবার সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ছেলেধরা সন্দেহে সিরাজ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। 

একই দিন বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী শাপলা চত্ত্বর এলাকায় শারমিন (২০) নামে এক নারীকে ছেলেধরা সন্দেহে  গণপিটুনি দেয়। রাত ৯টার দিকে ফতুল্লা লালখা এলাকায় ছেলেধরা সন্দেহে রাসেল নামে আরো একজনকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা।

২১ জুলাই সকালে ফতুল্লা শিয়াচর তক্কার মাঠ নাজমুল গার্মেন্টস এর সামনে এক নারী একটি শিশুকে নেওয়ার চেষ্টা করলে ছেলেধরা সন্দেহে ওই নারীকে আটক করে মারধর করে স্থানীয়রা। এর আগে গত বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে ভিক্ষুক সেজে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে এক শিশুকে অপহরণকালে হাতেনাতে এক বৃদ্ধা নারীকে গ্রেফতার করে  ফতুল্লা মডেল থানা পুলিশ।

বিমান ছিনতাইকারী নারায়ণগঞ্জের পলাশ :
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি  বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পর কমান্ডো অভিযানে নিহত সোনারগাঁয়ের পলাশ আহমেদ। গুঞ্জন ওঠে  পলাশ তার স্ত্রী ঢাকাই সিনেমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা সামসুন নাহার শিমলার প্রেমে ব্যর্থ হয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন।

আলোচিত প্রবীর হত্যার রায় :
চলতি বছরের ২৯ মে বুধবার নারায়ণগঞ্জের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলায় আসামি পিন্টু দেবনাথকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আরেক আসামি বাপানে ভৌমিককে সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলা থেকে খালাস পায় এলাকার ‘বড়ভাই’ খ্যাত আব্দুল্লাহ আল মামুন। এ মামলার রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান।

মামলার ৯ বছর পর ৫ আসামীর যাবজ্জীবন :
২০১০ সালের ২৮ মে লালমনিরহাট জেলা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাচার বাড়িতে বেড়াতে আসে ওই দুই বোন। ওই দিন রাতে চাচার বাড়ি থেকে চাচার সঙ্গে ফুপুর বাড়িতে যাওয়ার পথে চাচাসহ দুই বোনকে তুলে নিয়ে যায় শাহ আলম, মো. খোকন মিয়া, এমদাদ হোসেন, ইকবাল হোসেন, জিয়াউল হক জিয়াসহ আরও কয়েকজন। পরে চাচাকে গাছের সঙ্গে বেঁধে দুই বোনকে ধর্ষণ করে তারা।

এ ঘটনার ৯ বছর পর মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহিন উদ্দিন পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।  দীর্ঘ ৯ বছর পর এ চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হয়।

আদালতপাড়ায় আইনজীবীদের হাতাহাতি :
চলতি বছরের নভেম্বরে  পরপর জেলা আদালতের আইনজীবীদের মধ্যে ৫টি হাতাহাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে আদালত পাড়ায় এড.আজিজুর রহমান মোল্লার চেম্বারের সামনে এড.সাখাওয়াত ও এড.বারী ভূইয়ার মধ্যে হাতাহাতির ঘটনা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহের বিষয়কে কেন্দ্র করে এই হাতাহাতাতির ঘটনায় এড.সাখাওয়াতকে লাঞ্ছিত করা হয়, এই ঘটনার জের ধরে ২৪ ঘন্টার মধ্যেই লাঞ্ছিত হয় আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপিপন্থী আইনজীবী নেতা এড.আব্দুল বারী ভূঁইয়া।

৪ নভেম্বর সকালে আদালতপাড়ায় এই ঘটনার পরপরই আরো বেশ দুইদফা বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ১১ নভেম্বর বিএনপি নেতা অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নকে আদালতপাড়ায় প্রকাশ্য মারধর করে যুবদল নেতার সাবেক স্ত্রী (রুবিনা আক্তার সাথী)। সে গুলশান যুবদলের সভাপতি শেখ শরিফ উদ্দিন আহম্মেদের সাবেক স্ত্রী। সবশেষ ১৪ নভেম্বর যৌতুকের মামলায় হাজিরা দিতে এসে বাদী ও আইনজীবী মনিরুজ্জামান মন্টুর সাথে আসামি পক্ষের আইনজীবীর সহকারি মহিউদ্দিন সেন্টুর মারামারির ঘটনা ঘটে।

এদিকে ২০১৯ সালে  নানা সমালোচনার মাঝেও একাধিক অর্জনও ছিলো নারায়ণগঞ্জের প্রাপ্তির ঝুলিতে। এর মধ্যে অন্যতম ‘ল্যাম্বরগিনি’ তৈরী করে দেশখ্যাত নারায়ণগঞ্জের আকাশ :
প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় বিশ^খ্যাত বিলাসবহুল স্পোর্টস কার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ল্যাম্বরগিনি’র মডেলের গাড়ি তৈরী করে নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় নবী হোসেনের ছেলে। যা এখন নারায়ণগঞ্জে টক অব দ্যা টাউন। ইতিমধ্যেই ফেসবুক পেজ থেকে শুরু করে সর্বত্র ছড়িয়ে পড়েছে এ গাড়ির ছবি। সবার মুখে মুখে এখন আকাশে কৃতিত্বের কথা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন :
চলতি বছরের ২৫ মে গুরুত্বপূর্ণ মহাসড়কে যাত্রীদের ভোগান্তি কমাতে দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে গোমতী নদীর ওপর নির্মিত দ্বিতীয় গোমতী সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪১০ মিটার এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর ওপর দ্বিতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য ৯৩০ মিটার। এর আগে, গত ১৬ মার্চ শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত একই প্রকল্পের আরেকটি সেতু-দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করেন শেখ হাসিনা।

দীর্ঘ ৭০ বছর পড় আজ আবার চালু হলো ঢাকা-কলকাতা যাত্রীবাহী নৌ-সার্ভিস:
চলতি বছরের ২৯ মার্চ দীর্ঘ ৭০ বছর পড় আজ আবার চালু হয় ঢাকা-কলকাতা যাত্রীবাহী নৌ-সার্ভিস। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় বিআইডব্লিউটিসি’র মেরী এন্ডারসন ভিআইপি  জেটিতে ঢাকা-কলকাতা-ঢাকা ক্রুজ সার্ভিসের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।