অসুস্থ তামিম হাসপাতালে
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হওয়ায়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে অঞ্চলভিত্তিক দল গঠনের সুযোগ নেই। নিজ নিজ বিভাগীয়
শহরের হয়ে খেলার সুযোগ মেলে না জাতীয় দলের তারকাদের। এছাড়া টুর্নামেন্টের
ভেন্যুর সংখ্যাও মাত্র ৩টি হওয়ায় সাত দলের খেলোয়াড়রা নিজ নিজ শহরের মাঠেও
খেলতে পারেন না।
সেদিক থেকে খানিকটা ভাগ্যবানই বলা যায়
জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবালকে। কেননা, যে দলেই খেলেন না কেন-
বিপিএলের প্রতি আসরেই তিনি সুযোগ পান নিজ শহরের চেনা মাঠে, চেনা মানুষদের
সামনে কয়েক ম্যাচ খেলার। এবারও বিপিএলের চট্টগ্রাম পর্বে অন্তত তিনটি ম্যাচ
খেলতে পারতেন ঢাকা প্লাটুনের এ বাঁহাতি ওপেনার।
কিন্তু চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের
হয়তো এবারের বিপিএলের চট্টগ্রামপর্বে খেলাই হবে না। তামিমকে গতকাল ঢাকায়
একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খারাপ কিছু নয়। ভাইরাল ফিভার। আজই
হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু শরীর দুর্বল। ওদিকে কুঁচকির একটা
সমস্যাও আছে। সব মিলে ঢাকা প্লাটুনের ড্যাশিং ওপেনারকে নিয়ে চিন্তিত দল,
দুর্ভাবনায় প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।
ভাইরাস জ্বরের সঙ্গে কুচকির চোট মিলিয়ে
অন্তত ৪ দিন মাঠের বাইরেই থাকতে হবে দেশসেরা ওপেনারকে- গতকাল (সোমবার)
এমনটাই জানিয়েছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা প্লাটুনের
কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানান, অন্তত চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে
তামিমের খেলার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। তবে তামিম থাকবেন না ধরেই
ইতোমধ্যে নিজেদের পরিকল্পনাও সাজিয়ে ফেলেছে ঢাকা।
তাই বাঁহাতি ড্যাশিং ওপেনারের
অনুপস্থিতিতে চিন্তার ভাঁজ নেই ঢাকা কোচের কপালে। বরং যথেষ্ট সময় দিয়ে
ইনজুরি কাটিয়ে ভালোভাবেই তামিমকে মাঠে ফিরতে দেখতে চান মোহাম্মদ
সালাউদ্দিন।
তামিমের বাড়ির কাছের মাঠ এমএ আজিজ
স্টেডিয়ামে দলের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমে এই ওপেনারের সর্বশেষ
অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে সালাউদ্দিন জানান, ‘(তামিমের বর্তমান অবস্থা)
কঠিন। গত দুইদিন প্রচণ্ড জ্বর। এখন ও হাসপাতালে আছে। আমার মনে হয়, সুস্থ
হলেও হয়তো কঠিন হয়ে যাবে তার জন্য খেলা। আমরাও আসলে তার বিকল্প চিন্তা করে
রেখেছি। আমি ধরে নিয়েছি আগামীকাল (বুধবার, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের
বিপক্ষে) খেলতে পারবে না।’
এদিকে তামিমের বিকল্প চিন্তা করে রাখলেও,
তার অনুপস্থিতি যে দলের কাজ কঠিন করবে তা মেনে নিয়েছেন ঢাকার কোচ। তিনি
বলেন, ‘আসলে আমাদের ফিকশ্চারটা এখন একটু কঠিন হয়ে গেছে। পরপর তিনটা ম্যাচ
খেলা টি-টোয়েন্টি হলেও সহজ না, যে কোনো দলের জন্যই অনেক বেশি চাপের। তামিম
না থাকলে অবশ্যই যে কোনো দলের জন্য ক্ষতি। আমাদের মূল ব্যাটসম্যান, রানেও
ফিরেছিল অনেক দিন পরে। তো ওর না থাকাটা অবশ্যই আমাদের ক্ষতি করবে।’
