সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কম
আগামী দুদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক আজ সোমবার জানান, এর পর ২১ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
তিনি জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়
থাকায় আজ সোমবার ও আগামীকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে
বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টার শেষের দিকে বৃষ্টি
অথবা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর,
রাজশাহী, খুলনা, ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ,
সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা
থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা,
চট্টগ্রাম, এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব
দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ
অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে
১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের
তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ
সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান
করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের
কেন্দ্রস্থল অতিক্রম করে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত
রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি
বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে
মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আজ সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে।
আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক আজ সোমবার জানান, এর পর ২১ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
