ভারতে ভারী বৃষ্টিতে ৩০ জনের মৃত্যু
ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও
পাঞ্জাব রাজ্যে ভারি বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২২ জন
নিখোঁজ রয়েছেন বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে।
রোববার দিনভর ভারি বৃষ্টিপাতের পর নদীর
পানি বিপৎসীমার উপরে চলে যায়। যার ফরে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর
প্রদেশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
হিমাচল প্রদেশে বৃষ্টি সম্পর্কিত বিভিন্ন
ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নেপালি নাগরিকও
রয়েছেন। পাশাপাশি আরা নয় জন আহত হয়েছেন। প্রবল বৃষ্টির কারণে রাজ্যটির
কুল্লু এলাকায় বিদেশিসহ ২৫ জন পর্যটক দুই দিন খাবার ও আশ্রয়বিহীন অবস্থায়
আটকে থাকার পর রোববার তাদের উদ্ধার করা হয়েছে।
ভূমিধসের কারণে কালকা ও শিমলার মধ্যে
ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে, চন্ডিগড়-মানালি মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত
হয়েছে। এছাড়াও কয়েকশত পর্যটক ও স্থানীয় লোক আটকা পড়ে আছেন। রাজ্যটির শিমলা,
সোলান, কুল্লু ও বিলাসপুর জেলার সব স্কুল সোমবার বন্ধ রাখা হয়েছে।
দক্ষিণ ভারতে কেরালায় বন্যায় মৃতের সংখ্যা
১২১ জনে দাঁড়িয়েছে। বন্যায় কর্নাটকে মৃতের সংখ্যা ৭৬ ছাড়িয়ে গেছে এবং আরও
১০ জন নিখোঁজ রয়েছেন।
এদিকে দিল্লিতে বন্যার সম্ভাবনা দেখা
যাওয়ার ফলে, সরকার রোবার দেশের রাজধানীতে বন্যার সতর্কতা জারি করে। এর
পাশাপাশি নিচু অঞ্চলে বসবাসরত লোকদের সেখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে
যাওয়ার কাজ চলছে।
