শিনোনাম

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত: তথ্যমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, জিয়াসহ হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের যতদিন বিচার না হয় ততদিন পর্যন্ত জাতির পিতার হত্যাকারীদের বিচার সম্পূর্ণ হবে না।
রোববার রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র সেন্সর বোর্ড আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের বিচার করতে একটি কমিশন গঠন করে বিচার সম্পন্ন হলে তা ন্যায়প্রতিষ্ঠার উদাহরণ হয়ে থাকবে।
স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতার ঘোষণা প্রথম চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে পাঠ করেন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান। তারপর তারা একজন সেনা অফিসার দিয়ে ঘোষণা পাঠ করানোর জন্য জিয়াকে পাঠ করতে দেন।
তিনি আরো বলেন, প্রথমবার জিয়াউর রহমান ভুল পড়েন, পরে তা শুধরে আবার পাঠ করেন। তিনি সেটা চার দেয়ালের মধ্যে পাহারায় থেকে পাঠ করেছিলেন, আর চট্টগ্রাম আওয়ামী লীগ অফিসের কর্মচারী নূরুল হক জীবন বাজি রেখে ২৬ মার্চ সারা চট্টগ্রাম শহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা রিকশায় মাইকিং করেছেন।
‘বেগম জিয়া পাকিস্তানি সেনাদের কাছে যে সম্মান পেয়েছিলেন, এখন তাও পাচ্ছেন না' বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের উত্তরে তিনি বলেন, যেখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর কাউকে পানি খাওয়ানোর অপরাধেই পাকিস্তানি সেনারা মানুষ হত্যা করেছে, দুই লক্ষ সত্তর হাজার মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, সেই পাকিস্তানি সেনারাই বেগম খালেদা জিয়াকে এতো খাতিরের কারণ কি? তদন্তের মাধ্যমে তা জানার চেষ্টা করা উচিত।
সভায় আরো বক্তৃতা করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব আব্দুল মালেক, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর প্রমুখ।