ডেঙ্গুকে মহামারি ঘোষণা করলো ফিলিপাইন
ফিলিপাইনে একের পর এক মানুষ মারা যাচ্ছে
ডেঙ্গু জ্বরে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০০ এর বেশি মানুষের প্রাণহানির পর
জাতীয় পর্যায়ে ডেঙ্গুকে মহামারি ঘোষণা করেছে ফিলিপাইন। সেদেশের স্বাস্থ্য
দপ্তরের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে গত জুলাইতে ‘জাতীয় ডেঙ্গু
সতর্কতা’ জারি করে দেশটি।
বিবিসির খবরে বলা হয়েছে, চলতি বছরে মশাবাহিত ডেঙ্গু রোগে কমপক্ষে ৬২২
জনের মৃত্যুর পর ফিলিপাইন এই ঘোষণা দিয়েছে। দেশের স্বাস্থ্য বিভাগের তথ্য
অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত কমপক্ষে ১ লাখ ৪৬ হাজার
লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ
বেশি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েক দশকে বিশ্বব্যাপী ডেঙ্গুর প্রভাব নাটকীয়ভাবে বেড়েছে। ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ফ্রানসিস্কো দুকু এক বিবৃতিতে বলেন, জাতীয় পর্যায়ে মহামারি ঘোষণা করার কারণ হলো, জরুরি সহায়তার এলাকা চিহ্নিত করা। স্থানীয় সরকার বিষয়ক ইউনিটগুলোকে সক্রিয় করা দরকার যাতে করে মহামারি চলাকালীন জরুরি তহবিল ব্যবহার করা যায়।
যদিও প্রতি তিন-চার বছর পর পর ফিলিপাইনে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। দেশটিতে সর্বশেষ প্রাদুর্ভাব দেখা গিয়েছিল ২০১৬ সালে। এ বছর ওয়েস্টার্ন ভিসায়াসে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে। সেখানে ২৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়। এছাড়াও ক্যালাবার্জন, জামবোঙ্গা উপদ্বীপ এবং উত্তর মিন্দানাওতে উল্লেখযোগ্য প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সাতটি অঞ্চলে ধারাবাহিক তিন সপ্তাহে মহামারি পর্যায় পেরিয়ে গেছে।
