শিনোনাম

‘গাঙচিল’ আকাশে উড়বে বৃহস্পতিবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাঙচিল’ আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। উদ্বোধনের পর বিকেল ৫টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে আবুধাবী যাবে উড়োজাহাজটি। এই উড়োজাহাজ দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহের খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৫ জুলাই উড়োজাহাজটি সিয়াটল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ‘গাঙচিল’ যুক্ত হওয়ার মধ্য দিয়ে ড্রিমলাইনার উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো তিনটিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে উড়োজাহাজটির নামকরণ করা হয়েছে ‘গাঙচিল’।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান কেনার জন্য ২১০ কোটি ইউএস ডলারের চুক্তি করে। সেই চুক্তির আওতায় ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে ছয়টি বিমান। বাকি চারটি বিমান হলো বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। এর মধ্যে তিনটি বিমান বহরে যুক্ত হলো। বাকি একটি বিমানের একটি এই বছরের সেপ্টেম্বরে আসবে।