শিনোনাম

বাড়ল সোনার দাম

চলতি মাসে তৃতীয়বারের মতো বাড়ল সোনার দাম। রোববার রাতে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল সোমবার থেকে এ নতুন দর কার্যকর হবে।
দাম বাড়ার ফলে নতুন করে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ছে। তাতে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা। তবে এবার রুপার দাম কমেছে। আগে রুপার দাম প্রতি ভরি ১১৬৬ টাকা হলেও এখন তা কমে হয়েছে ৯৩৩ টাকা।
এর আগে গত ৮ অগাস্ট সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা এসেছিল। তার মাত্র এক দিন আগে ৬ অগাস্ট সব ধরনের সোনার দর একই পরিমাণ বাড়ানো হয়েছিল। তার আগের মাসে গত ২৪ জুলাই আরেক দফা বাড়ানো হয়েছিল সোনার দর। তখনও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল।
সোমবারের ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ৪৯ হাজার ৫১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২৯ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে দেশের বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমিতির কার্যনির্বাহী কমিটি স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
স্বর্ণ করমেলা করার পর ৪ জুলাই ভালো মানের সোনা ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছিল। তার আগে ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার দিন প্রতি ভরি ভালো মানের সোনার দাম দেড় হাজার টাকা বাড়ানো হয়। কিন্তু তার চার দিন পরই দাম কমিয়ে আগের অবস্থায় ফেরত নেয়া হয়।
এরপর জুন মাসের শেষে প্রথমবারের মতো স্বর্ণ করমেলার আয়োজন করা হয়। মেলায় ব্যবসায়ীদের হাতে থাকা অপ্রদর্শিত প্রতি ভরি সোনা ১ হাজার টাকায় বৈধ করার সুযোগ ছিল। কিন্তু তাতে ভালো সাড়া পাওয়া যায়নি।